সম্পাদকের কলমে
রিম ঝিম ঝিম বৃষ্টি নামে অম্বর ভরা সুরে,—
মেঘেরা খেলে লুকোচুরি আকাশ গাঙে ঘুরে।
টুপটাপ ঝরে জলের ফোঁটা নরম পাতার কোলে,
হাসছে যেনো সবুজ বন শাখা প্রশাখা দোলে।
কদম ফুলের ভেজা গন্ধ, সোঁদা মাটির টান,
ঝরনার সুরে বাজে যেন অচেনা কোনো গান।
ঘাসের ডগায় মুক্তো জ্বলে সূর্যেরই ছোঁয়া,
বর্ষা রানীর কোমল ছোঁয়ায় প্রকৃতি স্বচ্ছ ধোয়া।
বনের মাঝে বৃষ্টিধারা ছন্দ তুলে যায়,
পাখিরা সব ডানা মেলে ভেজা সুখে গায়।
নদীর বুকে ঢেউয়ের নাচন, কাঁপে সবুজ তীর,
মাটির সাথে মেঘের প্রেমে ভরে ওঠে নীর।
চিরসবুজ এই বনভূমি স্নাত হয় বৃষ্টিতে,
প্রকৃতির এই রূপ দেখে মন যে আমার মাতে।
বর্ষারাণী রূপকথা সম ছোঁয়ায় প্রাণের তার -
সবুজে ভরা এই পৃথিবী স্বপ্নীল অপার।।
প্রকৃতি যেন বর্ষার ছোঁয়ায় এক অন্যরূপ ধারণ করেছে। চারিদিকে সবুজের
সমাহার। বৃষ্টি ধারায় ধৌত হয়ে প্রকৃতি হয়ে উঠেছে সবুজ সতেজ এবং
নির্মল। তেমনই এই বৃষ্টিধারা যেন আমাদের অন্তরের অন্তস্থল পর্যন্ত পৌঁছে
গিয়ে তার কোমল স্পর্শে আমাদের অন্তরের সমস্ত ধুলি মলিনতা সরিয়ে অন্তরকে
আবার নির্মল এবং পবিত্র করে তুলুক।
ঋতুর পালাবদলের সঙ্গে সঙ্গে প্রকৃতি যেমন নিজেকে নতুন রূপে সাজিয়ে তোলে,
তেমনি মানুষের মনও খোঁজে নতুন ভাবনা, নতুন আলো এবং নতুন সৃষ্টির পথ। সেই
চিরনতুনের মাঝেই কিছু কিছু বিষয় থাকে, যা কখনও পুরোনো হয় না, যার আবেদন
যুগের পর যুগ অমলিন থেকে যায়। “বর্ণে বর্ণে” ত্রৈমাসিক বাংলা ই-পত্রিকার
তৃতীয় বছরের দ্বিতীয় সংখ্যা “চিরসবুজ সংখ্যা” সেইসব অমর অনুভূতি,
সাহিত্য, সংস্কৃতি ও মানবিকতার কথাই তুলে ধরতে চেয়েছে।
চিরসবুজ মানেই যে শুধু প্রকৃতির সবুজ রং তা কিন্তু নয়; চিরসবুজ মানে এমন
সব সৃষ্টি, যা সময়ের সীমা অতিক্রম করে মানুষের হৃদয়ে বেঁচে থাকে।
রবীন্দ্রনাথের গান, নজরুলের বিদ্রোহ, জীবনানন্দের প্রকৃতিপ্রেম কিংবা
বাংলার গ্রামজীবনের সরল সৌন্দর্য—সবই আমাদের চেতনায় চিরসবুজ হয়ে আছে।
আধুনিকতার দ্রুত পরিবর্তনের ভিড়ে আজও আমরা ফিরে যেতে চাই মাটির গন্ধে,
শেকড়ের টানে, মানবিক সম্পর্কের উষ্ণতায়।
এই সংখ্যায় তাই স্থান পেয়েছে প্রকৃতি, স্মৃতি, ভ্রমণ, সমাজচেতনা,
স্বাস্থ্য, রন্ধনশিল্প ও মননশীল সাহিত্যচর্চার নানা রঙ। নতুন ও প্রবীণ
লেখকদের কলমে উঠে এসেছে জীবনের বহুমাত্রিক অনুভব। আমাদের বিশ্বাস, এই
বৈচিত্র্যময় আয়োজন পাঠকের মনকে যেমন স্পর্শ করবে, তেমনি ভাবনার নতুন
দিগন্তও খুলে দেবে।
একটি ই-পত্রিকা শুধুমাত্র কিছু লেখা বা ছবি প্রকাশের মাধ্যম নয়; এটি এক
সৃজনশীল পরিবার, যেখানে লেখক, পাঠক ও শিল্পমনস্ক মানুষ এক সুতোয় বাঁধা
থাকেন। আপনাদের নিরন্তর ভালোবাসা, উৎসাহ ও সহযোগিতাই “বর্ণে বর্ণে”-র
পথচলার প্রধান শক্তি। আপনাদের অংশগ্রহণেই আমাদের এই সাহিত্যযাত্রা আরও
সমৃদ্ধ ও প্রাণবন্ত হয়ে উঠছে।
সবশেষে, এই “চিরসবুজ সংখ্যা” সকল পাঠকের কাছে এক টুকরো নির্মল আনন্দ,
সবুজ সতেজতা ও সাহিত্যিক প্রশান্তি পৌঁছে দিক—এই কামনাই রইল।
ভালো থাকুন, সাহিত্য ও মানবিকতার আলোয় আলোকিত থাকুন।
নমস্কারান্তে —
অনিন্দিতা গুড়িয়া,
সম্পাদক, নিউ-দিল্লি
প্রসেনজিৎ দাস,
যুগ্ম-সম্পাদক, পশ্চিম মেদিনীপুর
বর্ণে বর্ণে- বাংলা ই পত্রিকা ৩য় বৎসর, ২য় সংখ্যা
চিরসবুজ ১৪৩৩,/ জুন ২০২৬