মিষ্টি পোলাও (Sweet Rice / জর্দা পোলাও)

বাসবদত্তা গুড়িয়া,

নতুন দিল্লি

পোলাও আমরা অনেক খাই। বিভিন্ন ধরনের পোলাও হয়, যেমন - চিকেন পোলাও, মাটন পোলাও, সবজি দিয়ে ভেজ পোলাও, আবার পুজোর ভোগে বাসন্তী পোলাও তো আমরা হামেশাই খেয়ে থাকি। আজকে যেটা বানাবো সেটা কিন্তু সচরাচর আমাদের হিন্দু পরিবারে তৈরি করা হয় না। এটি বিশেষত মুসলিম পরিবারে তৈরি হয়। তবে মুসলিম পরিবারে তৈরি হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ, মুখে লেগে থাকার মতো। চলুন না একবার ট্রাই করা যাক।

উপকরণ:
* বাসমতি চাল – ১ কাপ
* চিনি – ১/২ কাপ
* দুধ -১ কাপ
* জল - ১ কাপ
* ঘি ২ টেবিল চামচ -
* এলাচ – ২টি
* কেশর – সামান্য (ঐচ্ছিক) অথবা, হলুদ বা কমলা ফুড কালার
* কিশমিশ, কাজু, বাদাম – ২-৩ টেবিল চামচ

প্রণালী:
১. চাল খুব ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট।

২. একটি কড়াইতে ঘি গরম করে এলাচ ও বাদাম ভেজে তুলে রাখুন।

৩. ওই কড়াইতে বেঁচে থাকা ঘি এর উপরে আরও দু চামচ ঘি দিয়ে গরম করে জল থেকে ঝরিয়ে রাখা চাল দিন, ভালোভাবে নেড়ে একটু ভাজা ভাজা হয়ে এলে জল ও দুধ ঢেলে দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিন। উনুনের আঁচ মিডিয়ামে রাখুন।

৪. প্রায় 15-20 মিনিট পরে ঢাকা খুলে দেখুন, চাল সেদ্ধ হলে চিনি ও কেশর অথবা হলুদ বা কমলা ফুড কালার মেশান।

৫. ঢাকনা খোলা রেখে হালকা জ্বালে রান্না করুন যতক্ষণ না শুকায়।

৬. বাদাম কিশমিশ দিয়ে পরিবেশন করুন।

বিরিয়ানি খাওয়ার পর ডেজার্ট হিসেবে ফিরনির পরিবর্তে এই জর্দা পোলাও কিন্তু খেতে দারুন লাগে।