তবু

সুভাষ সরকার,

আলিপুর, কলকাতা

আমার সন্ধানে
সন্ধে হলেই মায়া-জোনাকির মতো নগর ভ্রমণে সে আসে।
আমাকে না পেলে, 'প্রিয়' সম্বোধনে পৃথিবীর দীর্ঘতম
চিঠিখানি লিখে
সন্ধ্যা-কুয়াশার ভাঁজে গুঁজে রেখে যায়
নিখুঁত কৌশলে।
হয়তো গ্রামের পথে, সেই কবেকার ফেলে আসা সঙ্গসুখ
আবারো নতুন করে পেতে চায় জীবনের বিপন্ন বিকেলে।

তবু
নৈকট‍্যের কামনায় বহুদূরে সরে যায় চিরায়ত প্রেম।
খুব সম্ভবত একারণে
মৃত্যু সুখকর খুব, একবার যদি ওই বিষাদ-চুম্বনে
মহাকাল মেলে।