থোড় বড়ির মালাইকারি
অঞ্জনা কুন্ডু দত্ত,
কলকাতা
বাংলার ঘরোয়া রান্নার ভাণ্ডারে থোড়ের নানা পদ বিশেষ জনপ্রিয়। তার
মধ্যেই থোড় বড়ির মালাইকারি এক অনন্য নিরামিষ পদ। নরম থোড়, আলু, বড়ি
আর মশলার সুগন্ধে তৈরি এই রান্না ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে।
উপকরণ
ডেমরে কলার থোড় — ১টি
বড় আলু — ২টি
ডালের বড়ি — পরিমাণমতো
পেঁয়াজ কুচি — ১টি
রসুন কুচি — ৪-৫ কোয়া
আদা বাটা বা কুচি — ১ চা-চামচ
টমেটো কুচি — ১টি
কাঁচা লঙ্কা — ২-৩টি
হলুদ গুঁড়ো — ১ চা-চামচ
লাল লঙ্কা গুঁড়ো — স্বাদমতো
ধনে গুঁড়ো — ১ চা-চামচ
নুন — স্বাদমতো
চিনি বা বাতাসা — ২টি
কিসমিস — সামান্য
ঘি — ১ চা-চামচ
মিটমশলা — অল্প
সর্ষের তেল — পরিমাণমতো
প্রণালী
প্রথমে থোড় ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আলুও
টুকরো করে কেটে রাখতে হবে।
কড়াইতে তেল গরম করে ডালের বড়িগুলি লালচে করে ভেজে তুলে রাখতে হবে।
এরপর একই তেলে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে হালকা বাদামি হওয়া
পর্যন্ত ভাজতে হবে।
এরপর আলু ও থোড় দিয়ে নাড়াচাড়া করে একে একে হলুদ, নুন, লাল লঙ্কা
গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো ও আদা দিয়ে ভালোভাবে কষিয়ে
নিতে হবে।
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য চিনি বা দু’টি বাতাসা দিয়ে অল্প
জল মিশিয়ে ঢেকে রান্না করতে হবে। থোড় ও আলু সেদ্ধ হয়ে ঝোল একটু ঘন
হয়ে এলে ভেজে রাখা বড়ি, কিসমিস, সামান্য ঘি ও মিটমশলা ছড়িয়ে দিতে
হবে।
অল্প আঁচে আরও দুই মিনিট ঢেকে রেখে নামিয়ে নিতে হবে।
গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু থোড় বড়ির মালাইকারি।