সু-দিনের স্বপ্ন

বাসবদত্তা গুড়িয়া,

নিউ-দিল্লি

দিল্লির ধোঁয়া পেরিয়ে ট্রেন গ্রামের পানে ধায়,
দাদুর বাড়ির পথে আমার মনটা উড়ে যায়।
সবুজ ক্ষেত, মেঠো পথ, ডাকে পাখির দল,
সেদিনগুলো ছিলো বড়ই সহজ-সরল।

সারাবেলা গাছের ছায়ায় দৌড়ঝাঁপ খেলা,
হাসির রোল উঠত কতো কেটে যেত বেলা।
ঝিঁঝিঁ পোকার গানের সুরে সন্ধ্যা নামত ধীরে,
গল্পের আসর উঠতো জমে মুড়ির বাটি ঘিরে।

কিন্তু এখন সেই ছবিটা বদলে গেছে অনেক,
হাতে হাতে মোবাইল, নেইকো সময় ক্ষনেক।
একসাথে বসেও সবাই কত্তো যেনো দূরে,
হাসির বদলে নীরবতা মনটা হু-হু করে।

কই সেদিনের লুকোচুরি, কই কাদামাটির ছোঁয়া?
কোথায় গেল ঝাঁপিয়ে সাঁতরে পুকুরে গা ধোয়া?
গ্রামের বাড়ির আনন্দ এখন স্ক্রিনের মধ্যে বন্দী,
নির্ভেজাল সেই সুখের যেন হারিয়ে যাবার ফন্ধি।

ফিরবে কি আর সেসব দিন! তবুও মনে আশা
মোবাইল ভুলে সবাই মিলে গল্প গানে ভাসা, -
হাসি, গল্প, খেলায় ভরবে উঠোন খামার ঘর,
স্বপ্ন দেখে সেসব দিনের বিশ্ব চরাচর।।