সুখের সন্ধানে- সুখের চাবিকাঠি ,চাইলেই আমরা প্রত‍্যেকে সুখী।

সুমিত্রা সাউ গিরি,

কাঁথি, পূর্ব মেদিনীপুর

জীবনে যেটা সত্যিই গুরুত্বপূর্ণ -প্রয়োজনীয় সেটাই হল সুখ আর সন্তুষ্টি।
"আজি বহিতেছে প্রাণে মোর শান্তিধারা"
এই অনুভবই সুখ। নিজেকে সুখী ভাবার মধ‍্য দিয়েই সুখ অনুভব করা যায়। সুখ এক মানসিক অবস্থা,এক ইতিবাচক অনুভূতি।

প্রতিটি মানুষ সুখী হতে চায় কারণ সুখ শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধি করে, কর্মক্ষমতা ও সৃজনশীলতা বাড়ায় এবং উন্নত সামাজিক সম্পর্ক তৈরি করে। এটি জীবনের চাপ ও নেতিবাচকতা কাটিয়ে উঠতে সাহায্য করে, দীর্ঘায়ু ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদান করে । মূলত, শান্তিতে থাকা এবং জীবনের পূর্ণ স্বাদ নেওয়াই মানুষের পরম লক্ষ্য।

সুখী হওয়ার বাঁধা-ধরা কোনো নিয়ম বা তত্ত্ব নেই। সুখ নিয়ে তাই কবিতা, গল্প, উপন্যাস কিংবা রূপকথারও শেষ নেই।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, 'তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও।' অর্থাৎ সুখ কখনো নিজে নিজে হাতের কাছে এসে ধরা দেয় না, সুখের সন্ধান করতে হয়, অর্জন করতে হয়।

সুখ, এটি একটি শব্দ যা আমাদের সকলের জীবনে এক অপরিহার্য অংশ। আমরা সকলেই সুখী হতে চাই, সুখের সন্ধানে ছুটে চলি। কিন্তু সুখ কী? এটি কি শুধুই একটি অনুভূতি, নাকি এর আরও গভীর কোনো অর্থ আছে?

সুখের সংজ্ঞা দেওয়া কঠিন, কারণ এটি ব্যক্তিবিশেষে ভিন্ন। কারো কাছে সুখ মানে সম্পদ, কারো কাছে সুখ মানে ভালোবাসা, আবার কারো কাছে সুখ মানে স্বাধীনতা। তবে, সুখের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো এটি আমাদের জীবনে আনন্দ ও সন্তুষ্টি আনে। সুখ আসলে আপেক্ষিক । সুখ নামক এই মানসিক-আত্মিক অনুভূতিকে উপলব্ধি করতে হয়।

সুখ নামক অনুভূতি আমাদের নিজেদের ভেতরেই রয়েছে! একে খুঁজে বের করতে হয়, এর গভীরে প্রবেশ করতে হয়, এবং সর্বদা একে অনুভব ও প্রকাশ করতে হয়। তাই, সুখের সন্ধানে আমাদের ভেতরের দিকে তাকাতে হবে, নিজেকে জানতে হবে, নিজের শক্তি ও দুর্বলতাগুলো চিনতে হবে। নিজের ভালোলাগায় গুরুত্ব দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে তেমনি অন‍্যদের গুণ,সৃজনশীলতার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। অন‍্যের প্রশংসা করা,অন‍্যের সৌভাগ্যে তারিফ করা,অন‍্যকে সাহায্য করাও মানসিক তৃপ্তি দেয়। ভালো কিছুতে নিজেকে নিযুক্ত রাখা,ভালো কিছু দেখা-শোনা এবং ভালো কিছুর জন‍্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেওয়া সুখ বাড়ানোর শক্তিশালী উপায়।আমরা বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া দেখাই , এবং এভাবেই জীবনের উত্থান-পতনের সাথে আমাদের সুখও ওঠানামা করে।

"দুঃখ এ নয়,সুখ নহে গো
গভীর শান্তি এ যে "।
সাধারণ কাজগুলো ভালোবেসে করলেই ভালোলাগা অনুভূত হয়। জীবন অনেক সহজ সুন্দর শান্তিপূর্ণ হয়। সুখ অর্জনের জন্য বড় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই সুখ অনুভব করা সম্ভব ।

এটি কোনো চূড়ান্ত গন্তব্য নয়, বরং নিয়মিত মানসিক চর্চা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সুস্বাস্থ্য এবং ভালো সম্পর্কের মাধ্যমে অর্জিত একটি প্রক্রিয়া। কৃতজ্ঞতা প্রকাশ, লক্ষ্য নির্ধারণ,অন‍্যের উপকার-সেবাপরায়নতা এবং উদ্দেশ্যমূলক জীবনযাপন দীর্ঘমেয়াদী সুখ বৃদ্ধিতে সহায়তা করে ।

সুখের পথে অনেক বাধা আসে, কিন্তু আমাদের সেই বাধাগুলোকে মোকাবিলা করতে হবে, সুখের জন্য লড়াই করতে হবে। সুখ একটি পথ, একটি যাত্রা, একটি অনুভূতি যা আমাদের জীবনকে সমৃদ্ধ করে।

এ কেবল বাহ্যিক পরিস্থিতি নয়, বরং প্রতিকূল পরিস্থিতিতেও মনের একটি সুস্থ ও শান্ত অবস্থান । সুখ শারীরিক স্বাস্থ্য, সামাজিক সম্পর্ক এবং জীবনের সামগ্রিক লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আপাতদৃষ্টিতে সবকিছু থাকা সত্ত্বেও মানুষ গভীরভাবে অসুখী হতে পারে। আবার এমনও অনেকে আছেন যারা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতেও সুখী থাকতে পারেন। সুখ বিভিন্ন পরিস্থিতিতে আমাদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে, নাকি এটি পারিপার্শ্বিক পরিস্থিতির এক সর্বব্যাপী ফলাফল এ প্রশ্ন থাকেই আমাদের মনে।আসলে গভীর উপলব্ধি করার ক্ষমতা যাদের তারা সুখ অনুভব করতে পারেন অনায়াসেই। সুখকে অনুভব করার ক্ষমতাই আসল সুখ।

তাহলে, সুখের সন্ধানে আমরা আমরা নিজেকে ভালোবাসতে পারি, অন্যদের ভালোবাসতে পারি, আমাদের যা আছে তাতে সন্তুষ্ট থাকতে পারি, এবং জীবনের ছোট ছোট জিনিসগুলোকে উপভোগ করতে পারি। সুখের সন্ধানে আমরা যাত্রা শুরু করি, এবং দেখি যে সুখ আমাদের চারপাশেই আছে, আমাদের ভেতরেই আছে।

আমরা সামাজিক জীব সুতরাং শুধু নিজে ভালো থাকলে হবে না আশেপাশের পরিবেশ পরিজনকেও ভালো রাখলে তবেই প্রত্যক্ষ সুখ অনুভব

করা যায়। একজন মানুষ তখনই সুখ অনুভব করেন যখন তিনি শারীরিক -মানসিক এবং সামাজিকভাবে সুন্দর থাকেন ।

নিজেকে সুখী ভাবা বা ইতিবাচক মানসিকতা (Positive Mindset) সুখ পাওয়ার একটি অত্যন্ত শক্তিশালী চাবিকাঠি। এটি কেবল লাইফস্টাইলে উপাদান যোগ করা নয়, বরং দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে মস্তিষ্ককে সুখের অভ্যাস করানোর একটি প্রক্রিয়া। জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, নিজের প্রতি বিশ্বাস,প্রতিটি মুহূর্তের গুরুত্ব অনুভব করা এগুলো সুখের রসদ বৈকি।

ভালোবাসা বিলিয়ে,ভালোবাসা শিখিয়ে,ভালোবেসেই সুখ। করুণা এবং স্নেহ মস্তিষ্ককে সুষ্ঠু ভাবে কাজ করার জন্য সহযোগিতা করে। সেবা,সহমর্মিতা করুণা আমাদের মধ্যে আধ্যাত্মিক শক্তি যোগায়। আমাদের মস্তিষ্ক আরো ভালোভাবে কাজ করে তখন।এইগুলিই হলো সুখের কারণ।

দিনশেষে শান্তিতে ঘুমোতে পারাই তো সুখ।সুখ আসলে জীবনের ইতিবাচক অনুভূতি, যেমন—আনন্দ, উল্লাস, এবং সন্তুষ্টির একটি সমন্বয়।সুখ হলো ভালো লাগা ও সন্তুষ্টির একটি দীর্ঘস্থায়ী অনুভূতি যা প্রতিটি মানুষের মৌলিক চাহিদা।

তাই প্রতিটি মুহূর্তকেই জড়িয়ে থাকা উচিৎ । মানুষের সেবা,সংযোগ সান্নিধ্য কিছু শব্দ,মানুষের যত্ন, শ্রদ্ধা-ভালোবাসা এসবই তো সুখের ঠিকানা।

সুসম্পর্ক এবং প্রিয়জনদের সাথে সময় কাটানো,প্রকৃতির সান্নিধ্যে আসা সুখের অন্যতম বড় উৎস । নেতিবাচক উদ্দীপকগুলো সামান্যতম উস্কানিতেই আমাদের মেজাজ বিগড়ে দেয়। এগুলো সম্পর্কে সচেতন থাকলে সুবিধা হয়। ব্যর্থ সম্পর্ক, বন্ধু এবং প্রিয়জনেরা সত্যিই আমাদের শক্তি নিঃশেষ করে দিতে পারে। তাদের যেতে দেওয়াই অনেক ভালো। কী হতে পারত, সেদিকে মনোযোগ না দিয়ে, এখন নষ্ট হয়ে যাওয়া সম্পর্কটির সেরা দিকগুলো মনে রাখা এবং সামনের যা কিছু ভালো সুন্দর তা অনুভব করাই তো সুখ।

"এরা সুখের লাগি চাহে প্রেম
প্রেম মেলে না
শুধু সুখ চলে যায়"।

প্রকৃতির রূপরস গন্ধ অনুভব করা,সুন্দর কে ছুঁয়েই সুন্দর থাকা, ভালোকাজ করা,সমাজের প্রতি দায়বদ্ধতা এসবই আমাদের ছোট্ট ছোট্ট আনন্দের পথে বৃহত্তর সুখের ঠিকানায় পৌঁছে দেয়।