শোলা কচু ভাজা
শুভ্রা রয়,
পর্ণশ্রী বেহালা
উপকরণ:
শোলা কচু, চালগুঁড়ো, বেসন, ময়দা, নুন, চিনি, লঙ্কাগুঁড়ো, হলুদগুঁড়ো,
জল ও সাদা তেল — প্রয়োজনমতো।
পরিবেশনের জন্য লেবুর রস অথবা চাট মশলা।
প্রণালী:
প্রথমে বাজার থেকে দেখে-শুনে পরিষ্কার ও তাজা শোলা কচু বেছে নিন। কচুটি
ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর বেশ ভালো করে খোশা ছাড়িয়ে মোটা
মোটা করে টুকরো করে কেটে নিন।
এবার কচুর প্রতিটি টুকরোর দু’পাশে দুটি করে কাঠি রেখে ছুরি দিয়ে পাতলা
পাতলা করে কাটতে হবে। খেয়াল রাখতে হবে, ছুরির ধার যেন কাঠি পর্যন্ত
গিয়ে থামে, অর্থাৎ কচুর টুকরোটি পুরোপুরি কাটা যাবে না। এরপর টুকরোটি
উল্টে দিয়ে একইভাবে অপর পিঠেও দু’পাশে কাঠি রেখে পাতলা করে কাটুন। এভাবে
দু’দিক থেকে কাটার পর কচুর টুকরোটি আলতো করে ছড়িয়ে দিলে জালের মতো
সুন্দর নকশা তৈরি হবে।
অন্য একটি পাত্রে চালগুঁড়ো, অল্প বেসন ও সামান্য ময়দা নিন। এর সঙ্গে
স্বাদমতো নুন, সামান্য চিনি, লঙ্কাগুঁড়ো ও হলুদগুঁড়ো মিশিয়ে পরিমাণমতো
জল দিয়ে একটি ঘন ও মসৃণ ব্যাটার তৈরি করুন।
কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিন। এবার একে একে কচুর টুকরোগুলো
ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে দু’পিঠ
উল্টেপাল্টে ভেজে নিন, যতক্ষণ না সেগুলি সুন্দর লালচে ও মুচমুচে হয়ে
ওঠে।
ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে পরিবেশন পাত্রে সাজিয়ে উপর থেকে সামান্য
লেবুর রস ছড়িয়ে দিন। চাইলে চাট মশলাও ছড়িয়ে দিতে পারেন।
তৈরি হয়ে গেল মুচমুচে, সুস্বাদু ও দারুণ আকর্ষণীয় শোলা কচু ভাজা।
স্ন্যাক্সে অথবা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে।