সেমাই উপমা

অরুন্ধতী রায়,

কলকাতা

সেমাই মূলত আমরা দুধ দিয়ে পায়েস বানিয়ে খাই। আর সুজির উপমা আমরা কমবেশি প্রায় সবাই খেয়েছি। কিন্তু আজকে একটু অন্যরকম উপমা বানাবো, এটাও খেতে কিন্তু মন্দ হয় না। এই উপমা বাড়িতে বানিয়ে দেখুন ছোট বড় সবার ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা একটু মুখরোচক খাবার হলে বাচ্চারা খুব ভালই খায়। তার উপর আজকাল প্রায়ই শোনা যায়, বাচ্চারা সবজি খেতেই চায় না কিন্তু এইভাবে বানিয়ে দিলে সবজিও খুব ভালোভাবে বাচ্চারা খেয়ে নেবে। আসুন শিখে নেওয়া যাক সেমাই উপমা।

উপকরণ:

সেমাই (রোস্টেড বা সাধারণ): ১.৫ কাপ
সবজি: ছোট কিউব করে কাটা গাজর, বিনস, মটরশুঁটি এবং ক্যাপসিকাম (আধ কাপ)
পেঁয়াজ কুচি: ১টি মাঝারি আকারের
কাঁচা লঙ্কা কুচি: স্বাদমতো
আদা কুচি: ১ চা চামচ
ফোড়নের জন্য: সরষে, বিউলি ডাল এবং কারিপাতা
নুন: স্বাদমতো
সাদা তেল: ২ টেবিল চামচ
লেবুর রস: ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী:

যদি সেমাই আগে থেকে ভাজা না থাকে, তবে একটি কড়াইতে সামান্য তেল বা ঘি দিয়ে সেমাই হালকা লালচে করে ভেজে তুলে রাখুন।
একটি বড় পাত্রে জল ফুটিয়ে তাতে সামান্য নুন দিয়ে সেমাই দিয়ে দিন। সেমাই আশি শতাংশ সেদ্ধ হয়ে এলে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন যাতে সেমাই ঝরঝরে থাকে।
এইবার কড়াইতে তেল গরম করে সরষে, বিউলি ডাল এবং কারিপাতা ফোড়ন দিন।
এরপর এতে পিঁয়াজ কুচি, আদা কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভাজা হলে কেটে রাখা সবজিগুলো দিয়ে সামান্য নুন মিশিয়ে ঢাকা দিয়ে দিন যাতে সবজি নরম হয়। সবজি হালকা ভাজা হলে সেদ্ধ করে রাখা সেমাই দিয়ে দিন। সবজির সাথে সেমাই ভালো করে মিশিয়ে নিয়ে আঁচ কমিয়ে ২-৩ মিনিট নাড়াচাড়া করে সবশেষে উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিন এবং নামিয়ে গরম গরম পরিবেশন করুন।