শরৎকন্যা
অনিন্দিতা গুড়িয়া ,
নিউ-দিল্লি
শিউলি গন্ধে মেতেছে মন আজ
শরৎ এসেছে দ্বারে-
আকাশের বুকে সাদা তুলো মেঘ;
কে খবর দিল তারে?
নদী ভরা জল থৈথৈ ডোবা
খাল বিল চারিধারে,
শাপলা শালুকে মৌমাছি দল
গান গেয়ে উড়ে ফেরে।
রোদের হাসিতে সোনালীর লাজ
কাশের বনেতে দোল,
শিথিল স্পর্শে নিলাজ শিশির
চুমছে ধরনি তল।
ফুটেছে দোপাটি নীল সাদা লাল;
অপরাজিতার শাখায়-
মৃদুল হরসে স্নিগ্ধ বাতাস
দোল দিয়ে ওই যায়।
রোদ বালিকা ছায়া শিশু সাথে
খেলে লুকোচুরি খেলা,
গুন গুন গুন ভ্রমরের গানে
কেটে যায় সারা বেলা।
ঝকঝকে নীল আকাশের শোভা
হেরিছে হরিৎ বন,
কালো বুলবুলি দোয়েলের শীষে
মাতলে সবার মন।
কে গো তুমি এলে অপরুপ বেশে
হিয়ায় খুশির বন্যা,
মনে হয় আমি চিনি গো তোমারে;
তুমি যে শরৎকন্যা।।