পটল পাসিন্দা

অরুন্ধতী পুরকাইত,

তারাতলা, কলকাতা

পটল বাঙালি রসনার একটি প্রিয় সব্জি। পটলের সিজনে প্রায় প্রতিটি বাড়িতে পটলের কোন না কোন রেসিপি হবেই হবে। তা পটল ভাজাই হোক কিম্বা শুকনো বা ঝোল তরকারি। আমার তো পটল ভীষণ প্রিয়। আমি বাঙালীর চিরাচরিত বাঁধা গতে না থেকে পটল দিয়ে নানা ধরনের রেসিপি ট্রাই করেছি। যেহেতু কর্মসূত্রে ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় আমাকে থাকতে হয়েছে, তাই উত্তর ভারতীয় খাবার, দক্ষিণ ভারতীয় খাবার বা পশ্চিম ভারতীয় খাবারের সঙ্গে পটলের ফিউশনটা আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। নিচে তারই একটা ঝলক আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

উপকরণ:
পটল - ৮টি
পেঁয়াজ বাটা ১ কাপ
টমেটো পিউরি ২ টেবিল চামচ
আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
দই- ২ টেবিল চামচ
কাজু এবং কাশ্মিরি লঙ্কা পেস্ট ১ টেবিল চামচ
গরম মসলা
তেল
লবণ পরিমাণ মতো

প্রণালি:

১. পটল হালকা ভেজে নিন।

২. পেঁয়াজ বাটা কষে নিন, তাতে টমেটো, আদা-রসুন দিন।

৩. দই ও কাজু পেস্ট দিয়ে কষিয়ে নিন।

৪. পটল দিয়ে ঢেকে রান্না করুন যতক্ষণ না নরম হয়।

৫. শেষে গরম মসলা ছিটিয়ে পরিবেশন করুন।