নির্মম

অনুপ কুমার চট্টরাজ,

নিউ দিল্লি।

বরুণদেব তুমি অবিশ্বাসী, বড় নৃশংস, বড় নির্মম
আসো শশ্বৎ, শৈলশিখরে উগ্রমূর্তিতে, পথ ধরে দুর্গম।

তুমি কি রুষ্ট, ক্রোধিত, নাকি কুপিত?
তোমার পুজোর ডালায় পড়েনি কি
বেলপাতা, চন্দন, ফল আর ফুলমালা?
হয়নি কি সমাপন, তব দেবালয়ে নিত্য আরতি,
জ্বলেনি প্রদীপ, হয়নি কি দেবালয় ধূপায়িত?

বিজনন হয় সকল প্রাণীর তোমার উদক পেয়ে,
গড়ে ওঠে নগর-নগরী আর সমাজ তোমারই নীর পানে।

এইতো বছর কয়েক আগে তুমি এসেছিলে
রুদ্র রূপে কেদারখন্ডের গিরিপথে,
ধুয়েমুছে দিলে কতশত বাড়ি-ঘরদ্বোর গ্রামগঞ্জ,
শহরতলি আর খেত-খামার,
অজস্র নিরীহ মানব ও প্রাণীরে।

আবার এসেছো প্রবল গর্জনে, সিদ্ধার্থের জন্মভূমিতে!
চূর্ণ করি বিশাল হিমবাহ শৈলশিখরে,
ভোট কোশী আর ত্রিশূলী স্রোতস্বিনী বেয়ে
ভাসিয়ে লেন্দে খোলা আর নারায়ণী তরঙ্গিনী,
বধিয়া অগণিত কৈলাস তীর্থযাত্রীরে।

বরুণদেব পাওনা কি শুনতে কাতর পার্বতীয় স্তনন!
তুমি কি রচিবে এমনি প্রলয় চির-চিরন্তন?