মু মৃনাল
স্বাতী নাথ,
বর্ধমান
মুর লাম ট মৃনাল বট্যক।
ইখন তুরা ভাইব্যি-
মুর মুতো জংলী মিয়ার
ইত্ত সোন্দর লাম কিমন কর্যে!
আরে, মুর আসল লাম ত ফুলমনি বটেক।
ই মৃনাল ত মুর সসুর ঘইর্যের লুকে দিছেক।
হ রে মুর ইকট সোন্দর সসুর ঘর আছেক লা-
উ ঘর্যে মুর সসুর বাপট আছে,
মুর দুইটা খুড়া সসুর আছেক,
বড় মা, মেজ অ মা, ছুট মা আর সোন্দর ননদিনি,
বড় ভাসুর দা, ছুট দা ও আছেক।
দুটো ছুট ছূট ননদ দেওর আর আছে মুর মরদ ট,
উ বড় ভাল অ মানুষ বটেক গ, মু কে বড় ভালোবাসে।
উ, ইকদিন মুদ্যের গেরাম পলাসবনি তে গেঁইছিল,
মুদ্যের ইস্কুলে র ফাংসনে ভাসন দিইত্যে পদ্ধান অতিথি হুঁয়।
উ ফাংসানে মু রবি ঠাকুরের কবিতা বলিছিল্পম লা,
আর সইদ্যার সাথে ঝুমুর লাইচ ট লেইছেছিলম,
ত উট উর খুব ভালো অ লেইগেছিল।
উর পইর্যে মুকে ডেইকে সুধাইঁছিল- মু কুথায় থাকি,
মুর ঘরের কুথা, বাপট কি কর্যে সিট জান্তে চাইল,
আর মু কুন কিলাসে পঢ়ি সিট ও জাইনল।
মু ত তখুন বারো কেলাসে পড়ি,
মুর লিখা পঢ়া ট ভাল অ লাগ্যে জেইন্যে-
মুর মা বাপ ট র সেইথ্যে দিখা কইরত্যে চাইল।
মু খালি ভাইবছিলম-ইত্ত কুথা কিনে জাইনতে চাইছে রে বাবা,
উর মতলব ট কি?
কিন কি উ ত পফেসার মানুস।
মুদ্যের ইস্কুলে উকে পধ্যান অতিথি বানাইছে।
ত উর মুর কুথা জেইন্যে কি হবেক?
কিন্তু কুথায় বল্যে লা-
জম্ম মিত্তু বিহা কার কখুন হবেক কেউ বইলতে লারে!
ত উ মুর বাপ ট কে বইল্লো-
যে মুকে উর খুব ভালো লেইগেছে।
মুর কবিতা লাচ খুব ভাল ট হুঁইছে,
তাই উ মুকে শহরে লিয়ে যেইত্যে চায় আরো পড়ানের লিগ্যে,
উ য়ার লিগে মুকে বিহা ট কইরতে চায়।
উয়ার সাইথ্যে উর ছুট ভাই ট ও ছিল
উ বইললো ও মুকে উর দাদার বৌ কইরত্যে চায়।
পেত্থমে তো মুর মা ট রাজী হয় লাই,
বাপ ট ত হাঁ বইল্যে দিচ্ছিল, কারণ কি-
মুদ্যের ঘর্যে ত মিয়াদ্যার কোনো দাম লাই লা!
মু পড়া লিখা করি ইট ত মুর বাপ দেইখত্যে লাইরত,
মা টর জিদেই ত ইস্কুলে যেইত্যে পারতম।
তাই মা চাইত মু আরো পঢ়ি, যখুন মুর মরদ ট বুঝাইছিল -
কি মুকে উ পঢ়াবেক তখুন মা সায় দিল।
মু ত ভয়ে ই কাঁপছিলম, কুনোদিন ই গেরাম ছেইড়্যে -
বাইর্যে ট গেছিক লাই ।
ইখন সব ছেইড়ে ছুইড়্যে চইল্যে যেতি হবেক,
সিট মাইনতে লাইরছিলম ।
মা মুকে বুঝাঁইছিল- তু ত অনেক পইড়তে চাস,
সিট পুরো হবেক ।
তাই মানা ট করিস লাই বিটি।
উয়ার পর মুর মরদ উর বড় যে দাদা আছে
উকে ফুন কইর্যে ডাইকলো,
আর গেরামে র সব্বার সামনে মুদ্যের বিহা হুঁইগেলো।
সব্বাই তো মু কে খুব ভালোবাসে লা,
ইয়ার লেইগ্যে খুব কাঁইদছিলম।
পেত্থমে তো মুর সসুর ঘইর্যে সব্বাই মুকে মাইন্যেছিলক লাই,
বেসি কইর্যে বড় বাবু ট মানে মুর সসুর বাপ ট।
কিন্তুক মু তো ছাইড়বার মিয়া লই গ, -
উকে এত্ত ভালবাসা দিলম যে
উ ও ইখুন মুকে ছেইড়্যে থাইকত্যেই লাড়ে।
খালি উদ্যের ইকট ই কুথা-
মু উদ্যের মুতো কুথা কিন্যে বলিলা!
কিন্তু মু বইলে দিছি - সব ছেইড়েছি,
কিন্তুক মুর ভাসা ট ছাইড়তে লাইরবক।
ইখন ত সব্বাই মু কে চুখে হারায়।
মু দু দিনের লিগ্যে বাপের ঘর ট গেল্যে
উদ্যের মুন খারাপ হুঁই যায়।
বঢ় বাবুটর ত ইত্ত অভিমান হঁয় যে -
মুর সাইথ্যে ভাল অ কইর্যে কুথাই বইল্যে লা।
জান উ ত খেইত্যে খুব ভালবাসে লা, কিন্তুক হাজার ট রুগ।
কারু কুথা ই সুনে লা, ত মুকেই সামহাইলত্যে হয়-
মু কে ইকটু ডরায় লা, ই লিগ্যে।
কিন্তুক মুর লিখাপঢ়ার দিকে সব্বার খুব কড়া লজর,
উ সসুর বাপ ট বইল্যে দিচ্ছে -
মুকে দিয়ে কেউ যিন কুনো কাম লা করায়।
মু ইখুন কল্যেজে যাই,
আর মুর মরদ ট রেইত্যে মু কে পড়ায়।
কিন্তুক খুব ই কুথা কম বইল্যে মানে -
উযে যে কি বইল্যে লা? রোম্যান্টিক! উ ট মুটেই লয়।
তা যাই হোক লা ক্যানে, মু কে ত বড় ভালবাসে।
কিন্তুক উর ইকট বইন্ধু আছে, মানে মিয়া বইন্ধু,
উ মুটেই ভালো লয়, উ চাইত মুর মরদ ট কে বিহা কইরত্যে-
কিন্তুক সিট ত হয় লাই লা, ই লেইগ্যে মুকে দেইখত্যে লারে।
উ মুর মরদের সাইথ্যে ইকই কলেজে পড়ায়।
উ বল্যে মুর মুতো কম লিখা পড়া জংলী মিয়া কে
ক্যামুন কইর্যে উর মুনে ধইরলো,
জগতে কি মিয়ার অভাব হঁইছিল!
মুর কুনো কিছুই উর ভালোই লাগ্যে লা,
কিন্তুক মুর মরদ বইল্যে দিছে মু খুব বুদ্ধিমান বট্যে।
তাই মুকে পঢ়াই বড় পফেসার বানাবেক, ইট ই উর সপন গ।
আর মুর সসুর ঘরের সব্বাই ত মু র সাইথ্যেই আছে-
মুর তাই কুনো ডর লাই।
মু ইখুন ফুলমনি কিসকু থিক্যে মৃনাল মিত্র হুঁইছি,
কিন্তুক লিজের ভাসা আর পরব ট ছাড়ি লাই,
মুর সসুর ঘরেও মারাং বুরু কে আইনছি,
রোজ উর পুজাও করি, মু ইখুন বড়ই সুখে আছি,
তুরা সবাই মুকে আসির্বাদ কর ক্যানে
যেন মু ইদ্যের মান রাইখত্যে পারি,
আর মুর মরদের সপন ট পুরা কইরত্যে পারি।।