কবিতারা দূর নক্ষত্রে
সৌম্য মজুমদার,
নিউ দিল্লি।
কবিতারা চলে গেছে সুদূর নক্ষত্রের পারে,
এই পৃথিবীতে বড়ো ভিড়, বড়ো কোলাহল।
অমৃতের সন্ধানে খুঁজে ফিরি এপারে ওপারে,
চারিদিকে জমে আছে শুধু আর শুধু হলাহল।
এই পৃথিবীতে আজ আর নেই সুর ছন্দ তাল,
নেই কোনো কথা, নেই আনন্দ, চলে গেছে গান।
ভিড়ের মাঝে হারিয়েছে সব, চারিদিকে আকাল,
বিষাক্ত হাওয়ায় বেঁচে আছে শুধু মান অভিমান।
কবিতার কথা একসাথে থাকতে না পারে আজ,
কাছে এলেই বিষ, ছুঁলে বিষ, শুধু বিষ আর বিষ।
তাই কথারা আজ থাকছে দূরে, শুধু অন্ধকারের রাজ,
এভাবেই থাকতে হবে আমাদের, ভুলে সব মিলমিশ।