জলছবি
অনিন্দিতা গুড়িয়া ,
নিউ-দিল্লি
আজকে আবার মেঘলা দিনে
ভিড় করেছে আমার মনে
নানান রঙের স্মৃতির সে সব দিন,
রান্না বাটি খেলার ঘরে
চু-কিৎ-কিৎ মাটির পরে
হৃদয় কোনে বাজছে সুখের বিন।
মন কেমনের ছেলেবেলার
খুঁজে ফিরি পুতুল খেলার
সেই সেদিনের সঙ্গিনী আর সাথী,
মেঘের পরে মেঘ জমেছে
দিনেই আঁধার ঘনিয়েছে
কে বলবে, দিন না এখন রাতি!
ভয়ে কেমন বুক ধুকপুক
মাকে খোঁজে মন উৎসুক
দিগ্বিদিকে দামাল বাতাস ছোটে,
গুড় গুড়িয়ে মেঘ ওই ডাকে
কড় কড়িয়ে বজ্র হাঁকে
সুপ্ত মনের হৃদয় কোনে রক্ত গোলাপ ফোটে।।