গ্রিক অমলেট
অর্ঘ্যদীপ গুড়িয়া,
নতুন দিল্লি
ভূমধ্যসাগরীয় স্বাদের এক অনন্য প্রাতরাশ
সকালের ব্রেকফাস্টে কিংবা বিকেলের হালকা খিদে মেটাতে গ্রিক অমলেট হতে
পারে একদম উপযুক্ত পদ। ডিমের সঙ্গে টাটকা সবজি, অলিভ আর চিজের মেলবন্ধনে
তৈরি এই অমলেট যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর। খুব কম সময়ে সহজেই
বানিয়ে নেওয়া যায় এই বিদেশি স্বাদের পদটি।
উপকরণ
ডিম – ৩টি
পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ
টমেটো কুচি – ২ টেবিল চামচ
ক্যাপসিকাম কুচি – ২ টেবিল চামচ
কালো অলিভ কুচি – ১ টেবিল চামচ
ফেটা চিজ বা পনির চুরা – ২ টেবিল চামচ
কাঁচালঙ্কা কুচি – ১টি
দুধ – ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো – আধ চা চামচ
অরিগ্যানো বা শুকনো মিক্সড হার্ব – আধ চা চামচ
নুন – স্বাদমতো
অলিভ অয়েল বা মাখন – ১ টেবিল চামচ
প্রণালী
প্রথমে একটি পাত্রে ডিম ফাটিয়ে তাতে দুধ, নুন, গোলমরিচ ও ওরেগানো দিয়ে
ভালোভাবে ফেটিয়ে নিন। এবার এর মধ্যে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, অলিভ ও
কাঁচালঙ্কা মিশিয়ে দিন।
ফ্রাইপ্যানে অলিভ অয়েল বা মাখন গরম করে ডিমের মিশ্রণ ঢেলে দিন। আঁচ
কমিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করুন। উপরের অংশ সামান্য জমে এলে তার উপর
ফেটা চিজ বা পনির ছড়িয়ে দিন।
এরপর অমলেটটি সাবধানে ভাঁজ করে আরও ১-২ মিনিট রান্না করুন। চিজ গলে গেলে
গরম গরম নামিয়ে নিন।
টোস্ট করা ব্রেড, গ্রিল করা সবজি বা এক কাপ গরম কফির সঙ্গে পরিবেশন করুন
সুস্বাদু গ্রিক অমলেট। চাইলে উপর থেকে সামান্য অলিভ অয়েল ও হার্ব
ছড়িয়ে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়।