দুর্গাপূজা
অনিন্দিতা গুড়িয়া ,
নিউ-দিল্লি
শরৎ এল, শরৎ এল,
নীল আকাশে মেঘের খেলা,
হাওয়ায় দোলে কাশের বন
শিউলি গাছে ফুলের মেলা।
শিরশিরানি ভোরের হাওয়া
শিশির ঝরে ঘাসের পরে,
ঢাকের কাঠি বোল ধরেছে,
মা আসছেন বছর ঘুরে!
প্যান্ডেল জুড়ে আলোর মালা,
রঙে মোড়া রূপকথার মতো,
নতুন জামা, নতুন সাজ,
পুজো মানেই আনন্দ যতো!
ঘোরাফেরা খাওয়া-দাওয়া
পড়াশোনার বালাই নাই,
নিত্য নতুন সাজের ঘটা
এর বেশি আর কিই বা চাই!
পঞ্চমীতে মা এলেন
খুশির পাহাড় পড়লো টুটে,
ষষ্ঠী সপ্তমী অষ্টমী কাটে
সন্ধি পুজোর পদ্ম ফোটে।
নবমীতে ঢাকের বাজনা
ধুনুচি নাচের ধোঁয়ায় মাতাল,
দশমীতে মা যাবেন ফিরে
সিঁদুরে রাঙা মায়ের গাল।
বাজছে মনে করুন সানাই
মূর্তি আজকে যাবে ভাসান,
দুচোখ ভাসে চোখের জলে
মনের মাঝে প্রার্থনা গান -
"মা গো মনে সাহস দিও
আলো জ্বেলো জীবনজুড়ে,
ভালো হয়ে সবাই মিলে
থাকব মোরা সুখের নীড়ে।
বছর ঘুরে এসো মা আবার
থাকব তোমার অপেক্ষায়,
সেই আশাতেই গুনবো দিন
সপ্তাহ মাস কেটে যায়।
শরৎ এলেই পুজার আমেজ
হাসির ঝিলিক চারপাশে,
আনন্দের বন্যা যেন
বাঙালির ঘরে ধেয়ে আসে।