ধন্য সে জন

কুমার আশীষ রায়,

নিউ-দিল্লি

পরমের সাথে হবে কোন -
এক জন্মান্তরে দেখা,
ধৈর্য ধ'রে থাকি পড়ে তাই
জনমে জনমে একা ।

প্রকৃত বন্ধু বাস করে শুধু
সুসংযত মনে
আলাপে বিলাপে প্রতিনিয়ত
আত্মার কথা শোনে।

জ্বালা-যন্ত্রণা, কাম-ক্রোধ লোভে
কেবল শক্তি ক্ষয়
কামনা বাসনাজাত কর্মে --
আত্মার পরাজয়।

বিষয়ের স্রোত রুদ্ধ হলেই
মন অন্তর্মুখী
ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণেই
প্রকৃত অর্থে সুখী।

বিবেকবুদ্ধি লোপ পেতে থাকে
ইন্দ্রিয় অনুসরণে
শুদ্ধির পথে নিয়োজিত মন
পরমাত্মার শরণে।

শুভ-অশুভ তুচ্ছ সকল
নিত্যের সন্ধানে
ধন্য তার‌ই জীবন,
যে-জন পরমের স্বাদ জানে।