চৈত্রের শহর
সুনন্দন শিকদার,
কলকাতা
চৈত্রের আকাশ স্তব্ধ হয়ে আছে ,
পাঁজরে আমার পলাশের আগুন
শহরের ব্যস্ত মুখশ্রীতে তবু আমি বসন্ত খুঁজি ।
দখিন সরোবরে বেদনার গাঢ় , নিস্পন্দ জল ,
কংক্রিটের জালে নিভে যাওয়া কোকিলের গলা
প্রজাপতির বর্ণিল ডানায় তবু আমি বসন্ত খুঁজি ।
পুলিশের মুখোমুখি চাকরিহারা যুবকের আহত স্বপ্নে
থ্যালাসেমিয়া-মায়ের উৎকন্ঠিত আবাসের উঠোনে
ভিক্ষাপত্রের অক্লান্ত ক্ষুধায়, আমি আজও বসন্ত খুঁজি ।
কার্নিসে অশ্বথের নীরস বাতিল ডালে
বসন্তকে আনার দেখি অক্লান্ত সংগ্রাম
ময়দানের কৃষ্ণচূড়ায় খুঁজি চোখ ফুটেছে কিনা বসন্তের
সেন্ট পল্স -এর ঘন্টাধ্বনিতে , হুগলীর মন্থর স্টিমারে
অট্টালিকার ধোঁয়াময় কুটিল লুব্ধ আকাশে
মনের বাউল একতারাটি আজ লালনের মত বসন্ত খুঁজে চলেছে ।