চিরসবুজ অভিমান
প্রসেনজিৎ দাস,
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর
দু এক পশলা বৃষ্টি ভেজা বিকেলে
পুরনো পথগুলো আবার ডাক দেয়
মনে পড়ে, কারা যেন ছিল
এই শব্দের ভেতরেই, নিঃশব্দে।
কিছু ব্যস্ততা জমে ছিল
মেঘের মতো, ঘন আর নীল,
বলতে পারিনি -
তবু তারা ঝরে পড়েছে,
আমি কি দূরে গেছি?
না কি শব্দগুলোই হারিয়ে গেছে মাঝপথে-
তোমরা যারা অপেক্ষা করেছিলে,
তোমাদের চোখে কি এখনো আকাশ নেমে আসে?
এই লেখাগুলো আজ
শুধু অক্ষর নয়, ফিরে আসার প্রতিশ্রুতি -
ভেজা পাতার মতো নরম,
আর চিরসবুজ হওয়ার এক চেষ্টামাত্র।
আক্ষেপ যদি থাকে, থাকুক -
সে-ও তো ভালোবাসারই অন্য নাম,
আগামী বর্ষায়, সব ধুয়ে যাবে সব,
থাকবে শুধু সম্পর্কের ঘ্রাণ।