ছানা বাটা দিয়ে চিংড়ি ভাপা

বাপ্পাদিত্য গুড়িয়া,

নতুন দিল্লি

এটা চিরাচরিত প্রথার থেকে একেবারে অন্যরকম একটি রান্না। সরষে খেলে অনেকেরই অ্যাসিড হয়ে যায়। তাই তাদের জন্য এই রেসিপিটা অতি উত্তম। যারা একেবারেই সরষে খেতে পারেন না বা মন চাইলেও এসিডের ভয় খাননা তারাতো বটেই এমনকি যারা জিভের সুখ মেটাতে খুবই পছন্দ করেন তারা একবার এইভাবে করে দেখতে পারেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে।

উপকরণ
300 গ্রাম চিংড়ি মাছ
2 টেবিল চামচ ছানা
1 চামচ পোস্তবাটা / চারটে থেকে ছয়টা কাজু বাটা
স্বাদমত লবন
সামান্য হলুদ গুঁড়ো
2টি চেরা কাঁচালঙ্কা
2 টেবিল চামচ সরষের তেল

চিংড়িগুলো পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। ছানাটা হাতের তালু দিয়ে একদম স্মুথ করে নিতে হবে। এবার যে কৌটোতে চিংড়ি ভাপানো হবে তাতে চিংড়ি মাছ, মাখা ছানা, পোস্তু অথবা কাজু বাটা, স্বাদমত লবন, সামান্য হলুদ, চেরা কাঁচালঙ্কা ও কাঁচা সরষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভাপানোর সময় যাতে শুকিয়ে না যায় সেই জন্য 1 টেবিল চামচ জল মিশিয়ে নিয়ে কৌটোর ঢাকা বন্ধ করে গরম জলে 6 মিনিট হাই টু মিডিয়াম হিটে রেখে ভাপ দিয়ে দিলেই হয়ে যাবে।