বেগুন সুন্দরী

অদিতি মন্ডল,

কলকাতা

এই শীতকালে বাজারে প্রায় ছেয়ে আছে নধর কান্তি সব বেগুন। দেখলেই আমার লোভ লাগে। তবে আজকাল অনেকেই বেগুন দেখলে নাক সিঁটকান। অনেকের মতে আবার যার কোন গুণ নেই সেই বেগুন। তবে আমি বলব বেগুন একটি দারুন সুস্বাদু সব্জি, যা বিভিন্ন রকম ভাবে বানানো যায়। ঝাল ঝোল অম্বল প্রায় সবকিছুই তৈরি করা যাবে বেগুন দিয়ে। আমরা সচরাচর বেগুন ভাজা, বেগুন পোড়া, বেগুন ভর্তা, বেগুন দিয়ে ইলিশ মাছ, বেগুনের টক ইত্যাদি রান্না খেয়েই থাকি। কিন্তু আজকে একটা একটু একেবারে অন্য ধরনের রান্না পরিবেশন করব। যার নাম বেগুন সুন্দরী। এটা দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনই সুস্বাদু।

উপকরণ :-
লম্বা বেগুন 🍆 ৩০০গ্রাম
ভাজার জন্য পরিমাণ মতো তেল
কালো মরিচ ১/৪ চামচ
সাদা মরিচ ১/৪ চামচ
মৌরি ১/২ চামচ
ছোটো এক টুকরো দারচিনি
চিনি ২ চিমটি
লবণ পরিমাণ মতো
হলুদ গুঁড়ো পরিমাণ মতো
গোবিন্দভোগ চালের গুঁড়ো ১ টেবিল চামচ
ঘি ১ চামচ
পোস্তদানা ১ চামচ

প্রনালী :-
১. প্রথমে একটা বিশেষ মশলা বানিয়ে নিতে হবে – কালো মরিচ, সাদা মরিচ, মৌরি আর ছোটো এক টুকরো দারচিনি শুকনো কড়াইতে হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে রাখবেন।

২. এবার বেগুন লম্বা করে কেটে লবণ, কয়েক দানা চিনি, হলুদ গুঁড়ো আর গোবিন্দভোগ চালের গুঁড়ো মেখে গরম তেলে বেগুন লাল করে ভেজে তুলবেন।

৩. বেগুন ভাজা হলে চামচ করে একটু ঘি তুলে বেগুনের ওপর মেখে দেবেন।

৪. তারপর ওপর থেকে সেই বিশেষ মশলা ছড়িয়ে দেবেন।

৫. এবারে উপরে সুন্দর করে ছড়িয়ে দেবেন পোস্তদানা।

খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল আমাদের বেগুন সুন্দরী।
এবারে গরম গরম ভাত আর ডালের সাথে দু এক পিস বেগুন সুন্দরী, তার সাথে যদি থাকে পাতি লেবু তাহলে তো আর কোন কথা হবে না।।কান পেতে শুনবেন শুধু হাপুস হুপুস শব্দ, আর নিমিষেই শেষ হবে পাতের ভাত😀😀।