বসন্ত আসে ঘুরেফিরে

শ্রীধর,

খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর।

বসন্ত আসে বারবার ঘুরেফিরে,
বলে যায় অব্যক্ত কথা,
জেগে উঠে আবেগ,জানাতে সব কথা,
হৃদয়ে রয়েছে যা গাঁথা।

যৌবনকালে ঘুরেছি ফিরেছি,
পলাশ,কৃষ্ণচূড়ার বনে,
কাটিয়েছি সময় গল্প গুজবে,
বন্ধু-বান্ধবীর সনে।

কতই না খুনসুটি,মান-অভিমান,
কথার ও হত না শেষ,
হাত ধরে চলা,ফুচকা খাওয়া,
থাকত না কোন দ্বেষ।

হোলির দিনেতে রং এর খেলা,
চলতো সারাদিন ধরে,
বিদঘুটে হোত মুখগুলো সব,
রং'য়ে যেত যে ভরে!

জানতাম না তখন আগামীদিনের,
বাস্তব'টা হবে কেমন,
সময় পেরিয়েছে,আয়ু ও বেড়েছে,
দায়িত্ববোধ ও বেড়েছে এখন।

অতীতের ক্ষণ শিহরণ জাগালে ও,
শরীর দেয় না সাড়া,
বসন্তের রঙ ফিকে লাগে তাই,
বার্ধক্য দুয়ারে নাড়ে কড়া।