অণুকথার তিনটি আলাপ

সুভাষ সরকার,

আলিপুর, কলকাতা


লাজুক প্রেমের স্মৃতি মুছে ফেলা প্রকৃত কঠিন।
সময় বদলে যায়, ভুলে যাই কত কী সবাই।
একমাত্র ভুলি না প্রথম কবিতা লেখা যাকে নিয়ে
আবেগ অধীন।


ফিরে এসো, চিঠি... প্রেমের সুগন্ধি ফুল, মুখ
বন্ধ করা খামে।
আমিও অজস্র লিখি পলাশ-বকুল-কথা
কবিতার নামে।

বাঁশি যদি আজো বাজে, নিধুবনে ছোটে রাধা-হিয়া।
প্রেমের প্রকৃত নাম আজ থেকে হোক তবে
ছদ্ম পরকীয়া।


আপনি এলেন বটে ফিরে গেলেন বড্ড তাড়াতাড়ি।
অনেক দূরের কেউ কাছে এলে, হঠাৎ
বন্ধ হয় না কেন দূরপাল্লার সব গাড়ি?

কবির আকূতি যদি এতটুকু বোঝেন আপনি,
হৃৎপিণ্ডে ঝড় ওঠে, সেই ঝড়ে নুয়ে পড়ে মহাশূন্য,
তোলে জয়ধ্বনি।