আমের আচার
অনিন্দিতা গুড়িয়া,
নতুন দিল্লি
এই গরমে আচার ভাল লাগেনা এমন মানুষ খুব কমই আছে। গরমের দিনে যে কোন
খাবারের সাথে একটু তেতো বা টক না হলে বাঙালির খাওয়াটা ঠিক যেন জমে না।
আর এখন বাজারে প্রচুর কাঁচা আম, তাই এই কাঁচা আমের সিজনে আমের আচার
বানিয়ে সংরক্ষণ করে রেখে দিয়ে তা সারা বছর উপভোগ করার আদর্শ সময় এটি।
চলুন খুব চটজলদি আমের আচার বানিয়ে নেওয়ার রেসিপি জানিয়ে দিই
আপনাদেরকে।
উপকরণ:-
কাঁচা আম – ১ কেজি (ধুয়ে গা মুছে শুকিয়ে কাটা)
লবণ – ৩–৪ টেবিল চামচ
হলুদ গুঁড়ো – ১ টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো – ১–২ টেবিল চামচ / স্বাদমতো
সরষে গুঁড়ো – ২ টেবিল চামচ
পাঁচফোড়ন – 50 গ্রাম (হালকা ভেজে গুঁড়ো)
সরষের তেল – ১ কাপ (গরম করে ঠান্ডা করা)
রসুন কোয়া – ৮–১০টি (ঐচ্ছিক)
প্রস্তুত প্রণালি:-
কাঁচা আম ধুয়ে একটি শুকনো গামছায় ফেলে খুব ভালো করে মুছে সম্পূর্ণ
শুকিয়ে নিন। তারপর পছন্দমতো টুকরো করুন।
আমের টুকরোগুলোতে লবণ ও হলুদ মিশিয়ে ১ দিন রোদে বা ঘরের ভিতরে ফ্যানের
তলায় রেখে দিন। এতে আমে থাকা এক্সট্রা নামি বা আর্দ্রতা শুকিয়ে যাবে।
পরের দিন হালকা শুকনো আমের সাথে লঙ্কা গুঁড়ো, সরষে গুঁড়ো পাঁচফোড়ন
গুঁড়ো ও রসুন মিশিয়ে নিন।
সরষের তেল গরম করে ঠান্ডা করে আমের সাথে মিশিয়ে দিন। তেলে যেন আমের
টুকরো গুলো পুরো ডুবে থাকে, সেটা খেয়াল রাখতে হবে।
পরিষ্কার শুকনো কাঁচের বয়ামে ভরে ৪–৫ দিন রোদে দিন। প্রতিদিন বোতল
ঝাঁকিয়ে দিন।
বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়:-
যে বোতলে বা বয়ামে আচার রাখবেন ও আচার বের করার জন্য যে চামচ ব্যবহার
করবেন তা সম্পূর্ণ শুকনো হতে হবে।
তেল কম হলে আচার নষ্ট হতে পারে।
চাইলে চিনি দিয়ে মিষ্টি-ঝাল স্বাদেরও করতে পারেন।