মুচমুচে আলু টিক্কি

অনুসূয়া কোটাল,

উজ্জয়িনী, মধ্যপ্রদেশ

সন্ধ্যার জলখাবার হোক কিংবা অতিথি আপ্যায়ন গরম গরম আলু টিক্কির স্বাদে মন ভরে যায় সকলেরই। বাইরে খাস্তা আর ভেতরে নরম এই জনপ্রিয় খাবারটি খুব সহজেই তৈরি করা যায় বাড়িতে। টক-মিষ্টি চাটনি বা দইয়ের সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ আরও বেড়ে যায়।

উপকরণ
সেদ্ধ আলু – ৫টি মাঝারি
ব্রেড ক্রাম্বস – ১ কাপ
কর্নফ্লাওয়ার – ২ টেবিল চামচ
কাঁচালঙ্কা কুচি – ২টি
আদা কুচি – ১ চা চামচ
ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ
ভাজা জিরা গুঁড়ো – ১ চা চামচ
লাল লঙ্কার গুঁড়ো – ½ চা চামচ
চাট মশলা – ১ চা চামচ
নুন – স্বাদমতো
তেল – ভাজার জন্য

প্রণালি
প্রথমে সেদ্ধ আলুগুলো ভালো করে চটকে নিন যাতে কোনো দানা না থাকে। তবে অবশ্যই টিক্কি বানানোর কমপক্ষে এক ঘন্টা আগে আলুটাকে সিদ্ধ করে জল থেকে বের করে ভালোভাবে ঠান্ডা করে তবেই ব্যবহার করবেন নয়তো আলুতে প্রচুর ভাবে জল রয়ে যাবে। এবার এর মধ্যে কাঁচালঙ্কা, আদা, ধনেপাতা, জিরা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা ও নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন একটি মন্ডের মত বানিয়ে নিন। এরপর কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে একটি পাতলা ঘোল তৈরি করুন।

এবার মণ্ড থেকে লেচি কেটে গোল বা চ্যাপ্টা টিক্কির আকার দিন। প্রতিটি টিক্কি কর্নফ্লাওয়ারের ঘোলে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিন। এতে টিক্কি ভাজার পর সুন্দর মুচমুচে হবে।

কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে টিক্কিগুলো সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিন। চাইলে অল্প তেলে শ্যালো ফ্রাইও করতে পারেন অথবা এয়ারফ্রারে টিক্কি গুলোকে ১৬০ ডিগ্রী টেম্পারেচারে এক এক পিঠে ছয় ছয় মিনিট করে 12 মিনিট রাখুন ।

গরম গরম আলু টিক্কি টমেটো সস, পুদিনা চাটনি বা টক দইয়ের সঙ্গে পরিবেশন করুন।

চাট স্টাইলে পরিবেশন করতে চাইলে টিক্কির ওপর দই, তেঁতুলের চাটনি, পেঁয়াজ কুচি ও ভুজিয়া ছড়িয়ে দিতে পারেন। এতে স্বাদ হবে একেবারে রাস্তার দোকানের মতো।