গরমে প্রাণ জুড়োবে - আম পোড়া শরবত

বাসবদত্তা গুড়িয়া,

নতুন দিল্লি

গ্রীষ্মের দাবদাহে এক গ্লাস ঠান্ডা আম পোড়া শরবত যেন মুহূর্তেই এনে দেয় স্বস্তি। কাঁচা আমের টক স্বাদ, পোড়া গন্ধ আর পুদিনার সতেজতা— সব মিলিয়ে এই পানীয় শুধু সুস্বাদুই নয়, শরীরকেও রাখে ঠান্ডা ও সতেজ। খুব সহজে বাড়িতেই তৈরি করা যায় এই জনপ্রিয় গ্রীষ্মকালীন শরবত।

উপকরণ
কাঁচা আম — ২টি বড়
চিনি — ৪-৫ টেবিল চামচ (স্বাদমতো)
বিট নুন — ১/২ চা চামচ
ভাজা জিরে গুঁড়ো — ১ চা চামচ
পুদিনা পাতা কুচি — সামান্য
ঠান্ডা জল — ৪-৫ গ্লাস
বরফ কুচি — পরিমাণমতো ( অপশনাল)

প্রণালী
প্রথমে কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে সরাসরি গ্যাসের আঁচে বা ওভেনে পোড়াতে হবে। আমের খোসা কালচে হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর আমের শাঁস আলাদা করে একটি পাত্রে নিয়ে তাতে চিনি, বিট নুন ও ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে ভালো করে চটকে নিতে হবে।

এবার ঠান্ডা জল মিশিয়ে শরবত তৈরি করে নিন। গ্লাসে বরফ কুচি দিয়ে শরবত ঢেলে ওপরে পুদিনা পাতা ছড়িয়ে পরিবেশন করুন।

আরও বেশি স্বাদ বাড়াতে চাইলে শরবতের মধ্যে সামান্য গোলমরিচ গুঁড়ো বা ভেজানো বেসিল বীজ মেশাতে পারেন। দুপুরের গরমে এই শরবত শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি ক্লান্তিও দূর করে।